১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী পেলেন সম্মাননা

“ক্যামেরা দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

কাজের স্বীকৃতি ও উৎসাহ জোগাতে আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার জয়ী বাংলাদেশ ও নেপালের ৩৭ জন আলোকচিত্রীকে ঢাকায় সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে আয়োজিত ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২৬’ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, “দেশের ফটোসাংবাদিকরা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সম্মান অর্জন করলেও নিজ দেশে তারা প্রাপ্য স্বীকৃতি পান না, যা আমাদের একটি বড় দুর্বলতা।”

তিনি বলেন, ফটোসাংবাদিকদের জন্য একটি কাঠামোবদ্ধ পারিশ্রমিক ও পেশাগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে আলোকচিত্রীদের নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, “ক্যামেরা দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র। ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ নয়, এটি বাস্তবতা তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ এবং সমাজকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

অনুষ্ঠানে ফটোসাংবাদিকতায় দীর্ঘ ৫৭ বছরের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমানকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া অন্যান্য ফটোসাংবাদিকরা হলেন মোহাম্মদ পনির হোসেন (রয়টার্স), কে এম আসাদ (ইন্ডিপেন্ডেন্ট), মনিরুজ্জামান (এএফপি), মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), মো. সাজিদ হোসেন (প্রথম আলো), সনি রামানি (নিউ এজ), রোহেত আলী রাজীব (বাংলাদেশ প্রতিদিন), মঈনউদ্দিন আহমেদ (দ্য নিউ নেশন), শুভ্র কান্তি দাস (প্রথম আলো), দীপু মালাকার (প্রথম আলো), মামুনুর রশিদ (দৈনিক সমকাল), আবদুল গনি (দৈনিক ইত্তেফাক), মশিউর রহমান সুমন (ক্রীড়ালোক), মোশাররফ হোসেন ভুবন (দেশ রূপান্তর), মো. হাসান (আজকের পত্রিকা), হাবিবুর রহমান (সারাবাংলা ডটনেট), জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা), মো. সৌরভ (নিউ এজ), শামসুল হক রিপন (দেশকাল নিউজ), এস এম নাসির (চ্যানেল আই), রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান), মনিরুল ইসলাম সবুজ (দৈনিক নয়াদিগন্ত), ইন্দ্রজিৎ কুমার ঘোষ (খবরের কাগজ), আল আমিন লিওন (দৈনিক আমাদের সময়) ও শরীফ সারোয়ার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি)।

নেপাল থেকে সম্মাননা পেয়েছেন—প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।