Published : 15 Sep 2025, 09:12 PM
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্নিধারণ করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ জ্বালাও পোড়াওয়ের মধ্যে এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন স্থানীয় কয়েকজন।
সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. জহিরুল হক শাহজাদা মিয়া এবং জিয়া শিশুকিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজাসহ আরও ১৬ জন এটি দায়ের করেছেন।
রিটকারীদের পক্ষে আবেদনটি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। এতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে।
সোমবার সীমানা পুনর্নিধারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে আন্দোলনরতরা ভাঙ্গা থানায় ঢুকে গাড়ি ভাঙচুর এবং উপজেলা পরিষদে আগুন দেয়। পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তার মধ্যেই এ ঘটনা ঘটে।
এরপর বিকালে রিট আবেদন দায়ের করা হয় হাই কোর্টে। রিটকারী আইনজীবী পল্লব সাংবাদিকদের বলেন, ফরিদপুর-৪ ও ফরিদপুর-৫ আসন ২০০৮ সালের পূর্ব পর্যন্ত দুটি ভিন্ন সংসদীয় আসন ছিল। কিন্তু ২০০৮ সালে তিনটি উপজেলাকে অর্থাৎ দুটি স্বতন্ত্র আসনকে পুনর্গঠিত করে একটি সংসদীয় আসন করা হয়েছে।
এর প্রতিবাদে বিভিন্ন সময়ে আন্দোলন মানববন্ধন হয়েছে বলে তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখানে এই রিট আবেদনকারীরা কমিশন সীমানা নির্ধারণ করতে গিয়ে যে শুনানি করেছিল সেখানে একটি আবেদন করেছিলেন। ওই আবেদনে ২০০৮ সালের আগে অর্থাৎ ১৯৭০ সালে যেভাবে ফরিদপুর-৪ এবং ফরিদপুর-৫ ভিন্ন ছিল, স্বতন্ত্র আসন ছিল, সেভাবে পুনর্গঠন করতে অর্থাৎ পুনর্বহাল করতে বলেন।

“কিন্তু নির্বাজচন কমিশন তাদের আবেদনটি নামঞ্জুর করেছে এবং প্রত্যাখ্যান করে ফরিদপুর-৪ আসন পুনর্বহাল রেখেছে; অর্থাৎ ফরিদপুর-৪ আসন পূর্বের ন্যায় রেখেছে। অর্থাৎ সদরপুর, চরভদ্রাসন এবং ভাঙ্গা উপজেলা সমন্বয়েই ফরিদপুর-৪ আসনটি পুনঃসীমানা নির্ধারণ করেছে।
“তবে ভাঙ্গা উপজেলা থেকে দুইটি ইউনিয়ন পরিষদ আলগী ও হাবিবদি ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ফরিদপুর-২ সংসদীয় আসনের সাথে সংযুক্ত করেছে।”
তিনি বলেন, এই পরিস্থিতিতে আবেদনকারীরা হাই কোর্টে রিট আবেদনে ফরিদপুর-৪ চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত হবে। আর ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ সংসদীয় স্বতন্ত্র আসন গঠিত হবে, যেটি আগে ছিল “
এর আগে ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দুই ইউনিয়ন ফেরাতে আরেকটি রিট আবেদন হয়েছিল।
এ আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজনের পক্ষে গত মঙ্গলবার ওই রিট আবেদনও করেছিলেন আইনজীবী পল্লব।
রিটে ওই আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে আলাদা করে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় জুড়ে দিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল চাওয়া হয়।