১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে বাসায় ঢুকে হামলার ভিডিও ফেইসবুকে

এ ঘটনায় চারজনের নাম দিয়ে মামলা করেছেন বাড়ির মালিক, বলেন ওসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 08:19 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে হামলা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের কাছে আবু কোম্পানির (আবু বকর) বাসায় এই হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “জমি সংক্রান্ত বিরোধ থেকে এই হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।”

এক মিনিট ২৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, বাড়ির নিচে গ্যারেজে দুইজন চেয়ারে বসে আছেন। এসময় কয়েকজন সেখানে এসে তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে একজন কিশোরকে দেখা যায়। পরে সেই কিশোরের কোমরে গুঁজে রাখা একটি চাপাতি পাশের পাঞ্জাবি পরা এক ব্যাক্তি বের করে নেন এবং একজনকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করেন। 

এক পর্যায়ে ওই কিশোর পাশের আরেকজনের কাছ থেকে আরেকটি চাপাতি এনে কোপানোর ভয় দেখায় এবং কয়েকবার আঘাত করে।

হামলার বিষয়ে ওসি বলেন, “এই ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বকর চারজনের নাম দিয়ে মামলা করেছেন। 

“এই চারজনই তার পূর্ব পরিচিত। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।”

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।