ভোট ঠেকাতে একটা পক্ষ ‘সর্বশক্তি’ খাটাবে: সিইসি
“পিআর যেসব দেশে আছে, তাদের আর আমাদের বাস্তবতা ভিন্ন। এটা বিশৃ্ঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে,” বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ঠেকিয়ে দিতে একটা পক্ষ সর্বশক্তি দিয়ে চেষ্টা চালাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “যারা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া নস্যাৎ করতে চায়, তারা সর্বশক্তি প্রয়োগ করবে।”
রোববার এক সংলাপের সমাপনীতে সিইসি এই আশঙ্কার কথা শোনান। তবে কারা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংলাপ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে সিইসি বলেন, “আমাদের টেকনোলজি ব্যর্থ হতে পারে; সাইবার সিকিউরিটি হ্যাক হতে পারে। এসব নিয়ে পরামর্শকদের প্রশ্ন করেছিলাম। যদি নির্বাচনের দিন আমাদের এটা হ্যাক হয়ে যায়, তারপর কী হবে?
“যদি তারা সাইবার অ্যাটাক করে, ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়…যেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভই নিরাপদ নয়, সেখানে আমার পোস্টাল ব্যালট কতটুকু নিরাপদ, বুঝতে হবে। তারা আমাদের কথা দিয়েছেন, ব্যকআপের ব্যবস্থা নিবেন।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবসময় পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান সিইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদমাধ্যমের সম্পৃক্ততা বাড়াতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ।
তিনি বলেন, “ডাকসু নির্বাচন একরকম, সবার সহযোগিতায় হয়েছে। এটা শুনে মনে হতে পারে, আমরা একটা পায়োনিয়ার ধারণা নিয়ে কাজ করেছি। সবাইকে একটু উপদেশ দেওয়ার পর্যায়ের এসেছি। এটা আসলে ভুল ধারণা। আমরা একরকম যুদ্ধের ভেতর দিয়ে গেছি।
“প্রথমত ধরে নিতে হবে, যারা নির্বাচনে হারবেন, তারা অসন্তুষ্ট থাকবেন। সেফগার্ড পদক্ষেপ নিঢে নামতে হবে। মানে আশপাশে যত মিডিয়া বা সিসি টিভি রাখা যায়; যত চোখ আশপাশে রাখা যায়। ধরে নিতে হবে এই ব্যাপারটি চ্যালেঞ্জিং হবে। আমরা সাংবাদিকদের পাশে পেয়েছি। তাদের সঙ্গে সব সময় কথা বলেছি। কখনো কখনো বিরক্তিকর কথাবার্তাও তাদের সঙ্গে হয়েছে।”
তিনি বলেন, “আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আইটি সাপোর্টেড যে কোনো জিনিস, আমাদের যেহেতু অবকাঠামোগত দুর্বলতা আছে, বারবার টেস্ট করা প্রয়োজন। আইটি সার্ভিসের ফেসভ্যালু আছে। অবকাঠামোগত দুর্বলতার কারণে সমস্যা করলে সঙ্গে সঙ্গে বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলবে।”
পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির জন্য বাংলাদেশ প্রস্তুত নয়, বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, “পিআর পদ্ধতির জন্য আমাদের এখানে যে জিনিসটা দরকার, বাংলাদেশ এখনও সেটার জন্য প্রস্তুত না। কারণ পিআর সিস্টেমের যেসব দেশে আছে, তাদের বাস্তবতা এবং আমাদের বাস্তবতা এক না। এটা একটা বিশৃ্ঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। পিআর এ মুহূর্তে পরীক্ষা করতে যাওয়া যাবে না।“
তিনি বলেন, “আরেকটা বিষয় হলো, দেশের ভিতরে এবং দেশের বাহিরে নির্বাচনের স্পষ্ট দিনক্ষণ নিয়ে এক ধরনের ধোয়াশা আছে। সেটা যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে, তত তাড়াতাড়ি বাংলাদেশ এবং বিদেশে যারা অপেক্ষা করছেন নির্বাচন নিয়ে, তাদের জন্য ভালো হবে।
“এই নির্বাচন কমিশন পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছেন। তাদের প্রতি আমাদের আস্থা আছে। আমরা মনে করি, জাতিরও আস্থা আছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরীন বলেন, “গণমাধ্যম যেন আমাদের বিশ্বাসযোগ্য খবর দেন এবং আমরাও যেন তাদের ওপর আস্থা রাখতে পারি। এজন্য সুষ্ঠু খবর দিতে পারলে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। এর জন্য একটা নীতিমালা দরকার। সেটা ব্যাপারে তাদের (সাংবাদিকদের) রামর্শ নেওয়া যেতে পারে।”
তিনি বলেন, “রাজনৈতিক সৃষ্টাচার বলতে একটা কথা আমরা শুনি, কিন্তু বহুদিন ধরে তা না দেখতে দেখতে ভুলে গেছি। শিষ্টাচার বিবর্জিত রাজনীতি যেন সামনে প্রতিফলিত না হয়, যারা নির্বাচনে অংশ নেবেন, তাদেরকে উদ্দেশ্য করে ঘৃনাসূচক কথা যেন না বলা হয়, পারস্পরিক সন্মান যেন বজায় থাকে। এই নির্বাচনের মাধ্যমে একটা ভালো রাজনৈতিক কালচার তৈরি হোক, এটা আমরা চাই।
“এই বিষয়গুলো দিয়ে যদি আচরণবিধি তৈরি করা যায়, যেখানে এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো মেনে চলবে। এজন্য রাজনৈতিক দলগুলোর এক জায়গায় হওয়া দরকার। যদি সম্ভব হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আচরণবিধি তৈরি করার জন্য আমি বলব।”
সংলাপে অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক নুরুল আমিন বেপারী, অধ্যাপক সৈয়দ সুলতানা সালমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা নূর ইসলাম, ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন, ইডেন কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইসফাক ইলাহী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এসএম শামীম রেজা বক্তব্য রাখেন।
