২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্বপনের ২৮টি ব্যাংক হিসাবে ৩২৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 08:22 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। তাদের সম্পদ জব্দ ও বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের আবেদনে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, স্বপনের ২৮টি ব্যাংক হিসাব ও ৩২ কোম্পানির ২ লাখ ২১ হাজার ৫৬৪ শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তার ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩০৭ শতাংশ জমি, একটি ফ্ল্যাট ও একটি প্লট জব্দ করা হয়েছে।

তার স্ত্রী মেহেবুবা আলমের নামে নরসিংদীতে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ১৯০ টাকার জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে দুই তলা বিশিষ্ট বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট ও ২৪৪ শতাংশ জমি রয়েছে। পাশাপাশি ২৩টি কোম্পানিতে বিনিয়োগ করা ৭৭ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়া তাদের মেয়ে নুযায়মা মাহমুদের সাত কোম্পানির ১৪ হাজার ৯৭২ শেয়ার অবরুদ্ধ করা হয়েছে।

জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি স্বপনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৮৫০ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুদকে মামলা হয়েছে।

সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, স্বপন নিজ, যৌথ ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ২৮টি হিসাবে ৩২৬ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৭৭ টাকা জমা ও ৩২৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ২৯৩ টাকা উত্তোলন করেছেন, যা ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে। স্বপন দম্পতির বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রয়োজন।

আরও পড়ুন-

সাবেক হুইপ স্বপন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা