শেষ হচ্ছে ভোটের প্রচার, ‘প্রত্যাশার চেয়ে ভালো পরিবেশ’ দেখছে ইসি
আচরণবিধি লঙ্ঘন আর সক্ষমতার ঘাটতি নিয়ে সমালোচনা থাকলেও দলগুলোর সহযোগিতায় স্বস্তি ইসির।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার সকালে।
বড় ধরনের সহিংসতা ও গোলযোগ ছাড়াই প্রচার শেষ হওয়ায় এবার ‘প্রত্যাশার চেয়ে ভালো পরিবেশ’ দেখছে নির্বাচন কমিশন।
ফলে আসছে বৃহস্পতিবার মানুষ উৎসবের সঙ্গে ভোট দেবে বলে আশা করছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে।
এবার সংসদ নির্বাচনে ৫১টি দল অংশ নিচ্ছে; প্রার্থী দুই হাজারের বেশি। এর মধ্যে পৌনে তিনশর মতো প্রার্থী আছেন স্বতন্ত্র; বাকিরা বিভিন্ন দল থেকে মনোনীত।
তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের সাড়ে তিন শতাধিক অভিযোগ পেয়েছে ইসি, যার প্রায় অর্ধেকই কর্মকর্তাদের বিরুদ্ধে।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রায় ৩২ লাখ টাকা জরিমানা ও ২১২টি মামলা হয়েছে।
ভোট সামনে রেখে আট লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন; আইন শৃঙ্খলায় রয়েছে ৯ লাখের বেশি সদস্য।
নির্বাচনি প্রচারে সব প্রার্থীই কোনো না কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
দুর্নীতি নিয়ে কাজ করা সংস্থাটি বলছে, আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো দেখলেও ‘সক্ষমতার ঘাটতি থাকায়’ নির্বাচন কমিশন বিষয়গুলো ‘এড়িয়ে যাচ্ছে’।
ভোটের প্রচার শেষ হওয়ার মুহূর্তে এসে সার্বিক পরিস্থিতির মূল্যায়নে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো বলি যে খুবই আশাবাদী। (প্রচারের সময়) এত ভালো পরিবেশ থাকবে, এটা আমাদের আশা ছিল না; এটা আমাদের প্রত্যাশারও বেশি; ভালো অবস্থা আমরা মনে করি। ”
তফসিল ঘোষণার পর দিন ঢাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এক সপ্তাহের মাথায় মৃত্যু হয় তার। এছাড়া অসুস্থ হয়ে মারা যান শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল।
দুটি ঘটনাকে ‘অনাকাঙ্খিত’ মন্তব্য করে কমিশনার আনোয়ারুল বলেন, “আরও ছোটখাট ঘটনা ঘটেছে, একবারে ঘটেনি তা নয়।
“তারপরও এরকম একটা অভ্যুত্থানের পরে এই অবস্থাটা আমরা পেয়েছি; সব কিছুতে সন্তুষ্ট বলা যায়। এখন পাবলিকের ইমপ্রেশন কী, তা জণগণ আর সংবাদমাধ্যম বলতে পারবে।”
এবার দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দিতে হয়েছে আচরণবিধি পালনের বিষয়ে। এক্ষেত্রে সহযোগিতা পাওয়া গেছে বলে জানান এ নির্বাচন কমিশনার।
কতটুকু অংশগ্রহণমূলক আর শঙ্কা
২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর দলটির নিবন্ধন স্থগিত হয়েছে। নৌকা ছাড়াই এবার ভোট হচ্ছে। এমন পরিস্থিতিতে অংশগ্রহণমূলক ভোটের বিষয়ে সমালোচনাও চলছে নানা মহলে।
আওয়ামী লীগ ছাড়া ভোটের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “আমাদের নজরে আসছে, বিভিন্নজন বলছে, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি। কিন্তু এই পর্যন্ত অনেক কিছুই তো আলোচনা-সমালোচনা হছে। আবার দেখা যায় যে, প্রত্যেকটা কাজেই চ্যালেঞ্জ ছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, নির্বাচন কমিশন প্রত্যেকটা চ্যালেঞ্জ ওভারকাম করছে।
“এখন এই বাকি কয়টা দিনে যদি আল্লাহর রহমত থাকে, আমরা শেষ করতে পারব। আমাদের এখন সার্বিক প্রস্তুতি শেষ পর্যায়ে। আমাদের প্রস্তুতি খুব শক্ত, মজবুত।”
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আমরা আশাবাদী। যে যাই বলুক না কেন, যার যার মতো করে চিন্তা করছে, যার যার মত আশঙ্কা করছে, সবকিছুই আশা করি মিথ্যা প্রমাণিত হবে।”
‘অনিয়ম-দখলের সুযোগই নেই’
৫১টি দল ভোটে অংশ নিচ্ছে, রয়েছে পৌনে তিনশ স্বতন্ত্র প্রার্থী।
ইতোমধ্যে প্রচারের সময় দলগুলোর পক্ষ থেকে পরস্পরকে দোষারোপ করে বক্তব্য এসেছে, ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগও উঠেছে।
তবে ইসি আনোয়ারুল বলেছেন, “এবারের নির্বাচনের ইতিবাচক দিক হলো, মাঠে ও গ্রামেগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাড়া পড়েছে।
“ফলে ইচ্ছা করলেই কেউ কোনো কারচুপি করবে, দুর্নীতি করবে (তা পারবে না).. এইবার কিন্তু সবাই সজাগ। আর যেহেতু তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় সচেতন, সুতরাং কেউ কোনো কিছু করে পার পাবে না।”
‘ফল দ্রুতই মিলবে’
ভোটের রাতে বা পরদিন সকালের মধ্যে সব আসনের ফল নির্বাচন কমিশন থেকে ঘোষণা সম্ভব হবে বলে জানান এ নির্বাচন কমিশনার।
এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় দুটি ব্যালট পেপার গোনার বিষয় রয়েছে। এরসঙ্গে পোস্টাল ব্যালটের হিসাবও সারতে হবে।
আনোয়ারুল ইসলাম বলেন, “ফল ঘোষণা ইনশাল্লাহ যথাশিগগিরই নির্বাচনের পরপরই হয়ে যাবে আশা রাখি। ১৩ তারিখ দিনের প্রথম ভাগেই হয়ত ফল ঘোষণা করা যাবে বলে আমরা আশা করছি। ”
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। একজন ভোটার দুটি ব্যালটে ভোট দেবেন। সংসদের ভোটের ব্যালট হবে সাদাকালো; গণভোটেরটি গোলাপী।
এর আগে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা। ২২ জানুয়ারি থেকে শুরু হয় প্রচার।
আরও পড়ুন
