২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিস, সালমানসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 01:00 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

জুলাই আন্দোলন ঘিরে যাত্রাবাড়ী থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন। 

গ্রেপ্তার আদেশ পাওয়া অন্যরা হলেন-সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান এবং সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম।

তাদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক এবং আবুল হাসানকে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায়, মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় কামরুল ইসলামকে এবং ইমরান হাসান হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. ফকরুল হাসান ফারুক, জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন একই থানার এসআই মো. নাহিদ হাসান। অপর চার আসামিকে যাত্রাবাড়ী থানার এসআই মোহাম্মদ জহির উদ্দিন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানিতে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।

রাসেল হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গেল বছর আন্দোলনের মধ্যে ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেইট সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন রাসেল মিয়া।  ওইদিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাসেলের বোন আকলিমা আক্তার ৩০ জুন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। 

মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলার অভিযোগে বলা হয়েছ, গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ীর রায়েরবাগ বাস স্ট্যান্ডে রাস্তার উপর বৈষম্যবিরোধী মিছিলে অংশ নেন প্রান্ত। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার চাচা নাদিম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৪ জনের নামে মামলাটি দায়ের করেন৷

ইমরান হত্যা মামলার বিবরণীতে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। গত ১ সেপ্টেম্বর তার মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নামে মামলা করেন।