ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার আপিলের বিষয়বস্তু নিয়ে মন্তব্যের ক্ষেত্রে আইনজীবী ও সংবাদ মাধ্যমকে সংযত হতে বলেছে আদালত।
মঙ্গলবার আপিল শুনানিতে আদালত একথা বলে। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ১০টা ০৬ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।
শুরুর দিন সুপ্রিম কোর্টের ৩ নম্বর বিচার কক্ষে শুনানি হলেও তা পরিবর্তন করে মঙ্গলবার শুনানি হয় ২ নম্বর বিচার কক্ষে। এ কক্ষটি আগের কক্ষের চেয়ে বড়।
শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মামলার বিষয়ে বিভিন্ন আইনজীবী বিভিন্ন মন্তব্য করছেন। এটি ঠিক নয়। এ বিষয়ে সংযত হতে আদালত আদেশ দিতে পারেন।
আসামি বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার নিষ্পত্তির সময়সীমা বলে দেওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দুই পক্ষকেই সংযত হতে হবে। না হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে।
তখন আদালত বলে, কেবল উভয় পক্ষই নয়, সংবাদ মাধ্যমসহ সবাইকে এ বিষয়ে সংযত থাকতে হবে।
শুনানির পর মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "এ মামলার গুণাগুণের বিষয়ে টকশোতে বক্তব্য রাখা হচ্ছে। বিচার চলাকালীন এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক না।
"এ ধরনের বক্তব্য যাতে না দেওয়া হয় এজন্য আদালতকে বলেছি। আদালত আমার বক্তব্য গ্রহণ করে সবাইকে সংযত হতে বলেছেন।"
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, শুনানির দ্বিতীয় দিনে পেপার বুকের ৬৯১ থেকে ৭৭৩ পৃষ্ঠা পর্যন্ত তিনি পড়েছেন। হাইকোর্টে তিন বিচারপতি রায় দিয়েছিলেন। এ রায়, নিু আদালতের রায় সাক্ষী প্রমাণ পর্যালোচনা করে আপিল বিভাগ চূড়ান্ত রায় দেবে।
তিনি বলেন, "হাইকোর্টের বিচারপতি মো. রুহুল আমিন ১০ আসামিকে মৃতুদণ্ড, পাঁচজনকে খালাস দিয়েছিলেন। কোন যুক্তিতে তিনি এ রায় দিয়েছেন, এর ব্যাখ্যা আজ পড়া হয়েছে। রায়ে ফারুক রহমানের অংশ শেষ করে শাহরিয়ার রশিদের অংশ পড়ছি।"
এ মামলার পেপারবুক ১ হাজার ৫৩০ পৃষ্ঠা সম্বলিত।
আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কী বলা হয়েছে- জানতে চাইলে মামুন বলেন, "আসামি ফারুক রহমান জবানবন্দিতে বলেছেন- হত্যার পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি শেখ মুজিবকে উৎখাত, রাজতন্ত্র কায়েম, গণতন্ত্র থাকবে না ও দেশ ভারতের দখলে যাবে এসব কথা বলেছেন।"
"তবে তার এ জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত নয়", যোগ করেন ব্যারিস্টার মামুন।
বিচারপতি রুহুল আমিনের রায়ের অংশ পড়তে আরও দুদিন লাগবে বলে জানান তিনি।
সরকার পক্ষের সংক্ষিপ্তসার দায়েরের বিলম্বের বিষয়ে আসামি ফারুক রহমানের কৌঁসুলি খান সাইফুর রহমান মঙ্গলবার তার আবেদন নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত তার বক্তব্য দেওয়ার সময় এ বিষয়টি তুলতে বলেছে।
রোববার বেঞ্চ গঠনের পর সোমবার এ মামলার আপিল শুনানি শুরু হয়।
প্রধান বিচারপতি এম এম রুহল আমিনের গঠন করা এ বেঞ্চের বিচারপতিরা হলেন- মো. তাফাজ্জাল ইসলাম, মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়।
বিচারিক আদালত ১৯৯৮ সালের ৮ নভেম্বর ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।
আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক রোববার সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো।"
আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগের পরপরই বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুরুর উদ্যোগ নেয় সরকার। প্রয়োজনীয় সংখ্যক বিচারপতির অভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামির নিয়মিত আপিলের শুনানি সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।
২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে।
বর্তমানে কারাবন্দি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা ও ল্যান্সার এ কে এম মহিউদ্দিন আহমেদ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্নেল শরিফুল হক ডালিম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রশিদসহ বাকিরা পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24