২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে

এ সময় সেনা কর্মকর্তাদের সাধারণ পোশাকে দেখা যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 09:26 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৭টার পর কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান। এ সময় সেনা কর্মকর্তাদের সাধারণ পোশাকে দেখা যায়। 

মানবতাবিরোধী অপরাধের এই তিন মামলায় সাবেক-বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ২৮ জন আসামি। তাদের মধ্যে চাকরিতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানানো হয়েছিল। 

এই তিন মামলার মধ্যে দুটি হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, র‍্যাবের টিএফআই এবং সেনাবাহিনীর জেআইসি সেলে আটকে রেখে নির্যাতনের ঘটনায়। 

অন্যটি জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে।

গুমের দুটি মামলার মধ্যে একটিতে আসামি ১৭ জন। 

তাদের মধ্যে র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম এখন সেনা হেফাজতে আছেন।

গত ১১ অক্টোবর সেনা সদরের এক সংবাদ সম্মেলনে ওই ১৫ জনকে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।