তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠাল অপরাধ ট্রাইব্যুনাল
সোমবার ট্রাইবুনাল এ তিনজনসহ ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় গ্রেপ্তার তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুল এলাকার ঘটনায় শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন্স) মোহাম্মদ আরশাদ হোসেন, মিরপুরের ঘটনায় এডিসি মইনুল ইসলাম এবং রামপুরা বাড্ডার ঘটনায় এসআই চঞ্চল কুমারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইবুনাল।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও গাজী মনোয়ার হোসেন তামিম। এ সময় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, আব্দুল্লাহ আল নোমান, ব্যারিস্টার মইনুল করিম ও সাইমুম রেজা উপস্থিত ছিলেন।
সোমবার ট্রাইবুনাল এ তিনজনসহ ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সে মতে সকালে তাদের ট্রাইবুনালে হাজির করা হয়।
সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রধান কৌঁসুলি সাংবাদিকদের বলেছিলেন, ওই ছয় পুলিশ ও দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঢাকায় সবচেয়ে আলোচিত কয়েকটি ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের তদন্ত দল।
এরপর তাদের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তারা।
