১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: দ্রৌপদী মুর্মু

“ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তি তৈরি করেছে।”

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী: দ্রৌপদী মুর্মু
মো. সাহাবুদ্দিন ও দ্রৌপদী মুর্মু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 07:26 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

স্বাধীনতা ও জাতীয় দিবসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার রাষ্ট্রপতিকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি লিখেছেন, “আমাদের দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী।”

তিনি লিখেছেন, “ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে, আপনাদের জাতীয় দিবস উপলক্ষে, রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

“ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্বের ভিত্তি তৈরি করেছে।”

দুদেশের অংশীদারত্বের কথা স্মরণ করে দ্রৌপদী মুর্মু লিখেছেন, “বছরের পর বছর ধরে আমরা যোগাযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, সীমান্তের উভয় পাশের নাগরিকদের মধ্যে বাস্তব সুফল পৌঁছে দিয়েছি।”