ফখরুলের সঙ্গে ‘ইপিডি’ প্রতিনিধি দলের সাক্ষাৎ
বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা বলেন বিএনপির নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ‘ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির’ (ইপিডি) একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের বৈঠক হয়।
দেড় ঘণ্টার বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, গণতন্ত্র ও নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা বলেন বিএনপির নেতারা।
ইপিডির মাইকেলস লিডাউয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে আরও দুই সদস্য ছিলেন।
আর বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য জেবা খান।
