২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস পেলেন ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব

“আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি,” বলেন প্রধান উপদেষ্টা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

গণতান্ত্রিক দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের ফোরাম ক্লাব ডি মাদ্রিদে যোগদানের প্রস্তাব পেয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বুধবার যুক্তরাষ্ট্রের একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে তাকে এ প্রস্তাব দেন ফোরামের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ডানিলো টুর্ক।

বাসস লিখেছে, বৈঠকে টুর্ক ক্ষুদ্রঋণের ক্ষেত্রে অধ্যাপক ইউনূসের পথপ্রদর্শকমূলক কাজের প্রশংসা এবং এর বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা সম্মানিত হব যদি আপনি আমাদের কর্মসূচিতে অংশ নেন। একইসঙ্গে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর বিষয়ে আপনার মতামত আমরা বিশেষভাবে মূল্যায়ন করব।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে দানিলো টুর্ক বলেন, “এ আন্দোলন দুনিয়াকে বিস্মিত করেছে এবং এ ধরনের রূপান্তর সম্পর্কে বৈশ্বিক নেতাদের আরও ভালোভাবে জানা প্রয়োজন।”

ক্লাবে যোগদানের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংস্কারের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমরা এখনো জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি, কীভাবে দেশকে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে নেওয়া যায় তা নির্ধারণের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এই পথেই অটল।”

বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।