২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সহজে ছাড়া হবে না: প্রধানমন্ত্রী

“আমরা চাই, পরিস্থিতি যখন ভালো হবে সেনা তুলে দেব। আস্তে আস্তে শিথিল হয়ে যাবে,” বলেন সরকারপ্রধান।

এবার সহজে ছাড়া হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার তার কার্যালয়ে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 10:06 AM

কোটা সংসবকার আন্দোলন ঘিরে যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের দমন করে শিগগিরই স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সোমবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গত কয়েকদিনে সারাদেশে যে তাণ্ডব চলেছে, তার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, “আজকে আপনারা এসেছেন এজন্য ধন্যবাদ, আপনাদের সমর্থন দরকার ছিল। দ্রুত এই দুর্বৃত্ত শিবির-জামায়াত, বিএনপির সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ১৩/১৪তে অগ্নিসন্ত্রাস যারা করেছে তাদের অনেককে শাস্তি দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেয়ে আবার একই চেহারায়। তবে এবার অত সহজে ছাড়া হবে না।” 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “২০১৩/১৪/১৫ সালের অগ্নিসন্ত্রাস সেটা আমি ভুলে যাইনি। ছেলেমেয়েরা কোটা নিয়ে আন্দোলনে নামল, আমি সেটা বাতিল করে দিয়েছি। কয়েকজন রিট করেছে, আমরা এর বিরুদ্ধে আপিল করেছি। আমি বলেছি, আদালতের উপর ভরসা রাখার জন্য। তারপরেও সারা বাংলাদেশ অচল করে রাখা হল। আপিল বিভাগ সময় দিয়েছে সেই সময় পর্যন্ত ধৈর্য ধরা উচিত ছিল। 

“ছেলেমেয়েদের বারবার বুঝিয়েছি, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলেছি। তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেছে।”

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “২০০৮ সালে দেশের অবস্থাটা কী রকম ছিল, আপনাদের ব্যবসায়ীদের অবস্থাটা কী রকম ছিল, আপনারাই জানেন। সেই অবস্থা থেকে দিনরাত পরিশ্রম করে আজকে দেশটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। 

“যখন বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে আসলাম, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিদেশে যে বাজার সৃষ্টি হয়েছে, সেখানে কীভাবে ব্যবসা করতেন, আজকে দেখেন এই দুই-তিন দিনে কী অবস্থা হয়েছে, কত ক্ষতি হয়েছে।”

গত কয়েকদিনে বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংস হামলায় ক্ষতির কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, “বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে, মহাখালী ডেটাবেজ স্টোরেজে হামলা-আগুন, মেট্রোরেলের স্টেশনে হামলা, শনির আখড়ায় হানিফ ফ্লাইওভাবের টোল বক্সে হামলা, পিবিআই অফিসে আগুন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন। নরসিংদীতে কারাগারে হামলা করে কয়েদিদের বের করে নিয়ে যাওয়া, কয়েকজনকে ধরা হয়েছে। 

“ছাত্রলীগকর্মী হত্যা করা হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা, শ্রমিক লীগ নেতা, আওয়ামী লীগ কর্মী হত্যা করেছে, উত্তরায় আওয়ামী লীগকর্মীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আরও কত কিছু করেছে, উদ্দেশ্যটা কী সেটা আপনাদের (ব্যবসায়ীদের) দেখতে হবে।”

কারফিউ দেওয়ার কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “এরা কি কোটা আন্দোলনকারী? তাদের পক্ষে তো সরকার আপিল করে শুনানি করতেছে। ছাত্ররা আন্দোলন ছেড়ে চলে গেছে। তারপরেও অগ্নি সংযোগ কেন? কারা করেছে? আপনাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। যেদিন থেকে জ্বালাও-পোড়াও শুরু হল, সেদিনই ছাত্ররা বলেছে- এর সাথে আমরা নেই, সাথে সাথে আমরা আর্মি নামিয়েছি। ছাত্ররা আন্দোলনে নেই বলেই আমি আর্মি নামিয়েছি। আমি জানি এই অগ্নিসন্ত্রাসীরা সুযোগ নিয়ে কী করতে পারে, তাই বাধ্য হয়ে আমি আর্মি নামিয়েছি, কারফিউ দিয়েছি।

“এই কারফিউয়ের মধ্যেও নানা না ধরণের নাশকতা করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এরা কারা? এরা হচ্ছে দশ ট্রাক অস্ত্র মামলায় পলাতক আসামি, এই সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া দেশের বাইরে থেকে হুকুম দেয়। আর জামায়াতে ইসলামের শিবির। এই শিবির-জামায়াত-বিএনপি এক সাথে নেমেছে। আমি দেশটাকে ভালবাসি তাই এই পর্যন্ত কে কোন দলের, সেটা আমি দেখিনি। ব্যবসার ক্ষেত্রে যারা আমার দলের না তাদেরকেও কিন্তু ব্যবসা করতে দিয়েছি, সুযোগ দিয়েছি, কারণ আমি জাতির পিতার কন্যা।”

শেখ হাসিনা বলেন, “অনেক অপপ্রচার, অনেক কথা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, এগুলো প্রচার করেছে। শেখ হাসিনা পালায়নি। পঁচাত্তর সালে দেশে ছিলাম না, কিন্তু যখনই সুযোগ পেয়েছি দেশে চলে এসেছি। এই খুনি-যুদ্ধাপরাধিরা বাধা দিয়েছে। সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমাকে যেন না নিয়ে আসে। কিন্তু আমি দেশে ফিরবই, ফিরে আসছি। আমি স্পেনে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা ক্যানসেল করে দিয়েছি যে, আমার দেশের এই পরিস্থিতি আমি যেতে পারব না। আমাকে থাকতে হবে।” 

তিনি বলেন, “আপনাদের আমি ডেকেছি যে, আপনরাদের মধ্যে যেন কোনো হতাশা না আসে। আমার দিক থেকে সব ধরণের সহযোগিতা আপনারা পাবেন। আগুনে যা যা নষ্ট হয়েছে এগুলো মেরামত করতে সময় লাগবে। আগুন যারা দিল, আপনাদের তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। 

“কী করেছে? আওয়ামী লীগ, ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে বানিয়ে দিয়েছে। ছাত্রলীগ নেতারা হল ছেড়ে চলে এসেছে, তাদের প্রত্যেকের রুম ভেঙ্গেছে, আমি বলেছি কিছু করতে হবে না, ধৈর্য ধরো। শিক্ষকদের গায়ে হাত তুলেছে। কতগুলো ঘটনা ঘটিয়েছে তা আমি বলতে চাই না। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে পেছনে থেকে শিবির এসব তাণ্ডব ঘটিয়েছে। বিএনপি মদদ দিচ্ছে, ছাত্রদল নামিয়েছিল।”

“একটা রাজনৈতিক দল যদি সন্ত্রাসী করে, শিবির তো জঙ্গি দল। এই শিবির হল জঙ্গি, জামায়াতও জঙ্গি। বিএনপি তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। জঙ্গিদের দমন করে ভালো পরিবেশ সৃষ্টি করা আমাদের লক্ষ্য।”

“আমরা চাই, পরিস্থিতি যখন ভালো হবে সেনা তুলে দেব। আস্তে আস্তে শিথিল হয়ে যাবে,” বলেন সরকারপ্রধান।  

এর আগে বৈঠকে শেখ হাসিনার প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। তারা বলেছেন, সংকটময় পরিস্থিতিতে অতীতেও তারা প্রধানমন্ত্রীর পাশে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন।