Published : 13 Jun 2026, 08:28 PM
কক্সবাজার জেলায় নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বিকালে প্রথমে পেকুয়া পৌরসভা এবং পরে সন্ধ্যায় নতুন উপজেলা মাতামুহুরী ও থানা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসব অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।
পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বেগম খালেদা জিয়া ২৫ বছর আগে পেকুয়া উপজেলার উদ্বোধন করেছিলেন, আজ বিএনপি ২৫ বছর পর পেকুয়া পৌরসভার উদ্বোধন করল।
“বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করে এটাই তার প্রমাণ। বিএনপি জনগণের কল্যাণের জন্য কাজ করে।”
চলতি বছরের ১৭ মে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নকে পৌরসভা হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে সরকার।
এরপর মাতামুহুরী নতুন উপজেলা ও থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর) গত ৭ মে মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেয়।
চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের সাত ইউনিয়নকে নিয়ে নতুন এ উপজেলা গঠন করা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে- বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া ও কেনাখালী।
মাতামুহুরী নদীর তীরে অবস্থিত এ উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গ কিলোমিটার।