Published : 30 Apr 2026, 07:30 PM
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বহুমাত্রিক সহযোগিতা ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দুই পক্ষ।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইউরোপীয় জোটের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক এরিক কুর্টসভেইলের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই আলোচনার বিভিন্ন তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
“উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।”
বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট) ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অগ্রগতি নিয়েও আলোচনা হয়৷
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “উপদেষ্টা বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার ওপর গুরুত্ব আরোপ করেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।”
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় উপস্থিত ছিলেন।