ঢাকায় ইন্টারপা’র বার্ষিক সম্মেলন শুরু সোমবার
তিন দিনের সম্মেলন শেষ হবে ১৪ সেপ্টেম্বর।
বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস (ইন্টারপা)- এর ১১তম বর্ষিক সম্মেলন বসছে ঢাকায়।
আগামী সোমবার শুরু তিন দিনের এ সম্মেলন শেষ হবে১৪ সেপ্টেম্বর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন।
শনিবার ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সংবাদ সম্মেলনে রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক আন্তর্জাতিক এ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশসহ ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে বাংলাদেশ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা ১৩টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।
৫৯টি দেশের ৭৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংগঠন ইন্টারপা।
এ সম্মেলনে আগামী তিন বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে গোলাম ফারুক জানান।
তিনি বলেন, এ সম্মেলনের ফলে বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে জানা যাবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।
“এ ধরনের সম্মেলনে প্রশিক্ষণের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়, যা পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। বাংলাদেশ ও আমাদের পুলিশের সক্ষমতা সম্পর্কে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আমরা অবগত করতে পারব। পাশপাশি আমরা বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে পারবো, তাদের অবস্থান সম্পর্কে জানতে পারব।”
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন ও সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে তিনি জানান।
সম্মেলন শুরুর পরের দিন বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনও কর্মসূচিতে রয়েছে।
