২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সালমান-আনিসুলসহ ৬ জন আরো মামলায় গ্রেপ্তার

মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুলকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2025, 02:06 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ ছয়জনকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুলকে।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম পার্থ ভদ্র।

বাকিরা হলেন- সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক। 

অতিরিক্ত পিপি আজিজুল হক দিদার জানান, এদিন বেলা ১০টা ৭ মিনিটে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক জুয়েল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন। 

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব কাফরুল থানায় হত্যা মামলা করেন।