নিউ ইয়র্ক স্টেট পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
দিবসটি সামনে রেখে এবারও সেনেটে একটি প্রস্তাব পাস হয়।
নানা আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সেনেটে উদযাপন হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস।
স্বাধীনতা দিবস সামনে রেখে এবারও সেনেটে একটি প্রস্তাব পাস হয়।
এতে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম লেখা রয়েছে। আর বঙ্গবন্ধুর পক্ষে রেডিওতে স্বাধীনতার বার্তা পাঠক হিসেবে রয়েছে জিয়াউর রহমানের নাম।
স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাসও স্থান পেয়েছে প্রস্তাবে। এতে স্টেট সেক্রেটারি আলেজান্দ্রা এন পোলিনোর সই রয়েছে। প্রস্তাবটি ঘোষণা করেন নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল।
‘বাংলাদেশ ডে’ নামে দিনটি উদযাপন করা হয়। এর অংশ হিসেবে সেনেটর লুইস সেপুলভেদা ও ন্যাথালিয়া ফার্নান্ডেজকে সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত শোভাযাত্রা করেন বাংলাদেশিরা।
সেনেট ভবনের লবিতে ফটোসেশনও হয়। এতে ‘অ্যাসেম্বলিউইম্যান’ ক্যারিনেস রেইসও অংশগ্রহণ করেন। এরপর হয় মধ্যাহ্নভোজ।
সেনেট ভবনের ফ্লোরে বাংলাদেশি কমিউনিটির সম্মানে সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে লুইস সেপুলভেদা, ন্যাথালিয়া ফার্নান্ডেজ, জন ল্যু ও ক্যারিনেস রেইস, ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা আবদুস শহীদ, প্রধান সমন্বয়কারী আবদুর রহিম বাদশা, কমিটির মুখপাত্র ইমরান শাহ রন, চেয়ারম্যান জুনেদ আহমেদ চৌধুরী, কো-চেয়ারম্যান রোকন হাকিম, উপদেষ্টা সাখাওয়াত আলী, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ ও জামাল আহমদ বক্তব্য দেন।
নিউ ইয়র্ক স্টেট সেনেটে প্রথমবার ‘বাংলাদেশ ডে’ প্রস্তাব পাস হয় ২০১২ সালের ২৪ মার্চ। ব্রঙ্কস থেকে নির্বাচিত সাবেক সেনেটর রুবিন ডিয়াজের মাধ্যমে সেটি পাস হয়। তাকে সহায়তা করেন সিপুলভেদা।
