২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদযাত্রা কেমন হচ্ছে, ‘খোঁজ রাখছেন’ প্রধানমন্ত্রী

“তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।”

ঈদযাত্রা কেমন হচ্ছে, ‘খোঁজ রাখছেন’ প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 04:23 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

সারাদেশে ঈদযাত্রায় জনদুর্ভোগ হচ্ছে কিনা, তার খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শুক্রবার বলেন, “তিনি কর্মব্যস্ত সময় অতিবাহিত করছেন। সারাদেশে ঈদযাত্রায় কোথাও কোনো ব্যাঘাত হচ্ছে কিনা, কোথাও যানজটে জনদুর্ভোগ হচ্ছে কিনা, নৌপথে লঞ্চের মানুষজন ঠিকভাবে বাড়িতে যেতে পারছে কিনা–এসব বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

“প্রাকৃতিক দুযোর্গের কারণে রাজধানীতে জাতীয় ঈদগাহ এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।”

নির্বাসনে থাকার দিনগুলোতে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ঈদ করেছেন লন্ডনে। শুক্রবার সেখানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার জুমাতুল বিদায় প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন বলে জানান রুমন।