২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে জোড়া খুনের নেপথ্যে আধিপত্য বিস্তার, ধারণা পুলিশের

শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 03:52 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকার দখল নিতে রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

শুক্রবার মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন বেড়িবাঁধে দুই পক্ষের ধাওয়াধায়ির মধ্যে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়।

এদের একজনের নাম নাসির বিশ্বাস (২৯), অপরজন মুন্না (২২)। 

তারা একই গ্রুপের সদস্য জানিয়ে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান জানান, মুন্নার বিরুদ্ধে মাদক, নাশকতার অন্তত ৮টি এবং নাসিরের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে।

ওসি বলেন, “এলাকায় অাধিপত্য বিস্তার করতেই প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”

তবে প্রতিপক্ষ গ্রুপে কে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

স্থানীয়রা জানান, নাসির পেশায় একজন রাজমিস্ত্রি। সম্প্রতি সর্দার হিসেবে তিনি ভবন নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহ শুরু করেন।

বিগত সরকারের নেতাকর্মীদের ছত্রছায়ায় থাকার কারণে নাসির মোহাম্মদপুর-হাজারীবাগ এলাকায়  আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, এই পরিচয় ব্যবহার করে চাঁদাবজি, মাদক ব্যবসা চালিয়ে আসছিল নাসির। নাসিরের পেশা রাজমিস্ত্রি হলেও মুন্নার কোনো পেশা নেই।

এই সহিংসতার ঘটনায় শাওন নামের একজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

তিনি সাংবাদিকদের বলেন, “শুক্রবার সন্ধ্যার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় একই মহল্লার নাসিরের সঙ্গে তার দেখা হয়। তিনি যেদিকে যাচ্ছিলেন, নাসিরও সেদিকে যাবেন বলে তার মোটরসাইকেলে উঠে বসেন।”

পথে বুদ্ধিজিবী কবরস্থানের পাশে সাদেক খান কৃষি মার্কেটের সামনে দিয়ে কিছু এগিয়ে যাওয়ার পর তারা দুই দল অস্ত্রধারী তরুণের ধাওয়া, পাল্টা-ধাওয়ার মধ্যে পড়ে যান।

এই ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে করে ওসি ইফতেখার বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অভিযোগ পেলেই মামলা হবে।

আরও পড়ুন:

মোহাম্মদপুর বেড়িবাঁধে সংঘর্ষের মধ্যে মোটরসাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা