২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের বাইরে থাকা কিশোর-কিশোরীদের জন্য এবার ১৬ জেলায় ‘স্কিলফো’

যুব জনসংখ্যা, দক্ষতার চাহিদা, কর্মসংস্থানের সম্ভাবনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভিত্তিতে প্রকল্পের এলাকা নির্বাচন করেছে ইউনিসেফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে এবার ১৬ জেলায় ‘স্কিলফো’ কর্মসূচি শুরু করেছে জাতিসংঘের শিশু তহবিল— ইউনিসেফ ও বাংলাদেশ সরকার।

শনিবার ইউনিসেফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (এসকেআইএলএফও/স্কিলফো)’ শিরোনামের এ পাইলট প্রকল্পের আওতায় প্রায় সাত হাজার কিশোর-কিশোরী উপকৃত হয়েছে।

ইউনিসেফ বলছে, বর্তমানে প্রকল্পটি জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। ফলে দেশের ১৬ জেলার এক লাখের বেশি কিশোর-কিশোরীর সামনে নতুন সুযোগ আসছে।

এই পরীক্ষামূলক উদ্যোগের মধ্য দিয়ে এক লাখের বেশি বিদ্যালয়বহির্ভূত ও এনইইটি (নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং- যারা শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়) কিশোর-কিশোরীকে প্রাথমিক সাক্ষরতা এবং চাহিদাসম্পন্ন দক্ষতা অর্জনের পথ দেখানো হবে।

যুব জনসংখ্যা, স্থানীয় পর্যায়ে দক্ষতার চাহিদা, চাকরির বাজারের সম্ভাবনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার উপর ভিত্তি করে প্রকল্পের এলাকা নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, এই কর্মসূচি দেশের ৬৪ জেলায় বাস্তবায়ন করা হবে।

“আমরা যদি এটা অর্জন করতে পারি তাহলে আমি বিশ্বাস করি, বাংলাদেশে শিক্ষা নিয়ে যে মনোভাব রয়েছে, সেটা পরিবর্তন হবে এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষা নেতৃত্বের জায়গায় চলে আসবে।”  

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, “অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও যুব সমাজকে ক্ষমতায়নের প্রতি সরকারের যে অঙ্গীকার, তা জোরদার করতে পরবর্তী পদক্ষেপ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে টেকসই সমন্বয়ের মাধ্যমে দেশজুড়ে স্কিলফো সম্প্রসারণ ও সেটাকে প্রাতিষ্ঠানিক করা।”