Published : 15 Jul 2026, 06:01 PM
প্রাথমিক শিক্ষা পদক বিতরণের অনুষ্ঠানে শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “যদি একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই ছোট কোমলমতি শিশুরা আছে, তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যদি মানবিক মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি, তাহলে মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রটি রচনা করতে পারব।”
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চলতি বছরের প্রাথমিক শিক্ষা পদক বিতরণের অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। ৬০টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকরা সেখানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রাথমিকের শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করে সরকারপ্রধান বলেন, “শিক্ষকবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছেই আছে, আপনাদের সামনে আছে।
“সেই সৈনিকদের আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদের আপনারাই গড়ে তোলার কারিগর। সেই কারিগরদের যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা, সেই সহযোগিতা চাইছি আমি।”
সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন।
পর্যায়ক্রমে সারা দেশেই এটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রাথমিক ও গণ শিক্ষা সচিব সাখাওয়াৎ হোসেনও বক্তব্য দেন।