শিক্ষক হত্যা মামলায় গ্রেপ্তার সাহাবুদ্দিন আজম, জামিন নাকচ
সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় ১২ জুন বেনাপোল বন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।
এরপর আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সাহাবুদ্দিন আজমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী এসএম শরীফুল ইসলামসহ কয়েকজন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে দেয়।
আইনজীবী শরীফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় গত ১২ জুন বেনাপোল বন্দর থেকে সাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এরপর গত ২৮ ডিসেম্বর জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
এরপর গত ৬ জানুয়ারি মাদ্রাসা শিক্ষক মাইনুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই ইফাত আহম্মেদ।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২১ জুলাই দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় আল হিকমা মাদ্রাসার শিক্ষক মাইনুল ইসলাম আন্দোলনে যোগ দেন। সেখানে গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৬ অগাস্ট মারা যান তিনি।
এ মামলায় বাদীয় হয়েছেন তার বাবা কামরুল ইসলাম। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৪ জনকে আসামি করা হয়েছে।
