১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের ভালো কাজ অনেকেই সহ্য করতে পারছে না: ধর্মমন্ত্রী

“দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই দায়িত্ব নেওয়ার এত অল্প সময়ের মধ্যে এত বেশি কাজ করতে পারেনি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 02:28 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

তিনি বলেছেন, “তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এত ভালো কাজ করতেছেন। এটা অনেকেই সহ্য করতে পারছেন না।

“এজন্য আপনাদের (সাংবাদিক) চোখ-কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে।”

সোমবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে একথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষিকার্ড, দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই দায়িত্ব নেওয়ার এতে অল্প সময়ের মধ্যে এত বেশি কাজ করতে পারেনি।”

সংসদে বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, “সাধারণত বিরোধীদল সরকারের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আজকাল তারা সেটা করেন না, বরং কীভাবে সরকারকে বিব্রত করা যায় সেই চেষ্টা করেন।”

এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, “ভারত বিশাল দেশ। তাদের আমি শ্রদ্ধা করি, এজন্য যে তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরো বেশি শ্রদ্ধা করব, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।”

তিনি বলেন, “ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে, এমনটা হতে দেওয়া হবে না। এখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন সহ্য করব না।”

তাবলীগ জামাতের দুই পক্ষের আলাদাভাবে ইজতেমার বিষয়ে মন্ত্রী বলেন, “এখানে দুইপক্ষ যদি মিলে চলে আমি খুব খুশি হব। আগের মতো অবস্থানে যদি চলে আমি খুব খুশি হব। কিন্তু এটা ওনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে ওনারা কী করবেন।”

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।