ঢাকার চারপাশে চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত
নৌপথটি গাবতলী থেকে শুরু হয়ে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা হয়ে আবার গাবতলী পর্যন্ত।
ঢাকার চারপাশে চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানিয়েছেন।
ঢাকার চারপাশের ১১০ কিলোমিটার নৌপথ ব্যবহার করে শহরের ভেতরের যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় চক্রাকার এই নৌপথে ওয়াটার বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হল।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেন, “সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করা এবং আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে ওয়াটার বাস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।”
বৈঠকে ঢাকার নদীগুলোর দুষণ প্রতিরোধ, নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নদী তীরে হাঁটার পথের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ, প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে।”
শাহাদাৎ স্বাধীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।”
ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার চক্রাকার নৌপথটি গাবতলী হতে শুরু হয়ে আশুলিয়া, টঙ্গী, নারায়ণগঞ্জ, সদরঘাট ও বছিলা হয়ে আবার গাবতলী পর্যন্ত।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
