আওয়ামী লীগের জনসভা: যেসব সড়কে যান চলাচল নয়
নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
রাজধানীতে আওয়ামী লীগের জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকার জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার ওই সমাবেশে ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকায় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এদিন দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ট্রাফিক পুলিশ যেসব সড়কে বিধিনিষেধের কথা জানিয়েছে, তার মধ্যে আছে-কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, ভিসি বাংলো ক্রসিং।
জনসভা উপলক্ষে আসা গাড়ির জন্য পার্কিংয়ের স্থানও ঠিক করে দিয়েছে পুলিশ। গাড়ি রাখা যাবে মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি), মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী ক্রসিং থেকে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, ফুলার রোড সড়কের দুই পাশে, দোয়েল চত্বর ক্রসিং থেকে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে, নবাব আব্দুল গণি রোড রাস্তার দুই পাশে এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।
