২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ শিশুকে কুপিয়ে হত্যা করলো বাবা

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি, যিনি মিয়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

চকরিয়া সার্কেলের এএসপি মাসুদ আলম জানান,সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর হারবাং গাইনাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল হোসেন (৬) ও তানজিরা বেগম মনি (৩) ওই এলাকার আবুল কাশেমের (৪৫) সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রী সায়া খাতুনের (৩৮) সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে কাশেম তাকে দা দিয়ে কোপানো শুরু করে। আহত অবস্থায় সায়া পালিয়ে বাঁচলেও নিজের দুই শিশুকে কুপিয়ে হত্যা করে কাশেম।

আবুল কাশেমকে ‘মানসিক ভারসাম্যহীন’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন,এক পর্যায়ে নিজেদের তিনটি ছাগলকেও কুপিয়ে হত্যা করে সে।

তার আহত স্ত্রীকে উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানান তিনি।

কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এএসপি মাসুদ জানান, আবুল কাশেম দীর্ঘদিন ধরে চকরিয়ায় বসবাস করলেও তার বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার আম্মরাই থানার থানতলী এলাকায়।