২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের আনোয়ারায় এক মুদি দোকানির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মুদি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শনিবার সকালে উপজেলার হাইলদর এলাকা থেকে পুলিশ মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে।

নিহত মফিজ উদ্দিন (৬৫) হাইলদর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার বাজারে তার একটি মুদি দোকান আছে।

আনোয়ারা থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দোকানের পেছনের একটি সরু গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি বলেন, “মফিজ রাতে দোকানেই থাকতেন। ভোর চারটা পর্যন্ত তার দোকান খোলা ছিল।”

ভোরের কোন এক সময় মুখে গামছা পেঁচিয়ে মফিজকে হত্যা করা হয় বলে ধারণা ওসি লতিফের।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পঠানো হয়েছে বলে জানান তিনি।