২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটে দুঃখিত সেতুমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে ঘরমুখো মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 10:34 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শুক্রবার সকাল থেকে দুদফা মহাসড়ক পরিদর্শন শেষে সন্ধ্যায় সাভারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার রাতের বৃষ্টি এবং মহাসড়কের বিভিন্ন স্থানে ৮টি ফিটনেসবিহীন গাড়ি বিকল হয়ে পড়ায় আশুলিয়া এলাকায় যানজট দেখা দেয়। 

ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস এলাকা হয়ে এ মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।

ওবায়দুল কাদের বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর মহাসড়কের যানজট কম হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি স্বাভাবিক ছিল, তবে রাত থেকে যানজট শুরু হয়।

“ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এ সময় যেসব যানবাহনের কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।