২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদ আনুক সম্প্রীতি, আনন্দের বার্তা’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এই উৎসব সবার জন্য ‘আনন্দের বার্তা’ নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 09:02 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। 

রাষ্ট্রপতির বাণী

ঈদে দেশবাসীর জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এক বাণীতে তিনি বলেন,“ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।”

রাষ্ট্রপতি বলেন, “শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজগঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজগঠনে উদ্বুদ্ধ করুক- এ প্রত্যাশা করি।”

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।”

ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে।”

বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, “ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।”

বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মানুষের মনের সকল হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে এই ঈদ অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বারতা বয়ে আনবে বলে এক শুভেচ্ছা বার্তায় প্রত্যাশা করেছেন তিনি।

খালেদা জিয়ার শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া এক বার্তায় বলেছেন, “ঈদুল ফিতর সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।”

ভ্রাতৃত্ববোধের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

এরশাদের শুভেচ্ছা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, “ঈদ আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।”

দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।