২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ সদরে একটি মসজিদের ঈমাম নিয়ে বিরোধে দুদল গ্রামবাসীর সংঘর্র্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 08:36 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

শুক্রবার দুপুরে হাজরাতলা গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে সাত জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপিনাথ কানজিলাল জানান, হারুন অর রশিদ অনেকদিন ধরে স্থানীয় মসজিদের ঈমামতি করে আসছেন। 

সম্প্রতি ঈমাম পরিবর্তন নিয়ে গ্রামের শামসুল ইসলাম ও মতিয়ার রহমান দুদল সমর্থক নিয়ে দুদিকে অবস্থান নেন।

শামসুল ইসলাম পক্ষ চায় ঈমাম পরিবর্তনের করতে, আর মতিয়ার পক্ষ চায় বর্তমান ঈমাম বহাল থাকুক। 

এএসপি গোপিনাথ জানান, বৃহস্পতিবার আসরের নামাজ শেষে  শামসুল গ্রুপের লোকজন ঈমামকে লাঞ্ছিত করলে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়। 

এর জেরে শুক্রবার জুম্মার নামাজ শেষে এ নিয়ে শামসুল ও মতিয়ার রহমান সমর্থকদের মধ্যে কথাকাটি হয় এবং এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে জয়নুদ্দিন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান এএসপি গোপিনাথ।

তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।