রাজন হত্যা ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা ও অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ।
কমিটির অপর দুই সদস্য হলেন উপ-কমিশনার মুশফিকুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
রহমত উল্লাহ জানান, ঘটনার পর কামরুলের দেশ ত্যাগ ও রাজনের বাবার সাথে পুলিশের দুর্ব্যাবহারের কারণ অনুসন্ধান ও ঘটনা সম্পর্কে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
রাজন হত্যার পর মামলা করতে গেলে রাজনের বাবার সাথে দুর্ব্যাবহার, মামলার অন্যতম আসামি কামরুল ইসলামের দেশত্যাগে পুলিশের গাফিলতি ও ঘটনার পর দ্রুত ব্যবস্থা না নেয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
এরই মধ্যে মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান এসব ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের এ কমিটি গঠন করেন।
এর আগে রোববার রাতে রোববার রাতে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়।
