এবারও পছন্দে ফ্লোর টাচ, আছে রাশি-কিরণমালাও
ঈদ সামনে রেখে সরগরম রাজধানীর বিপণীবিতানগুলো; চলছে ঘুরে ঘুরে পছন্দের পোশাক কেনা। তবে পোশাকে নতুন আর বৈচিত্র্য খোঁজায় এগিয়ে তরুণীরা।
তাদের চাহিদাকে মাথায় রেখে হাল আমলের ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে বিপনীবিতানগুলো সাজিয়েছে তাদের পসরা। পিছিয়ে নেই বুটিক হাউসগুলোও। ট্রেন্ডি পোশাকের কাটে, রঙে ও ডিজাইনে গরম আর বর্ষাকে প্রাধান্য দিয়ে পোশাকে বৈচিত্র্য এনেছেন তারা।
দেশী এসব পোশাকের পাশাপাশি ক্রেতাদের পছন্দে রয়েছে ভারতীয় পোশাক, যেগুলোর নামকরণ করা হয়েছে ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়াল ও তার চরিত্রগুলোর নাম ধরে।
বসুন্ধরা সিটি শপিং মলের পোশাকের দোকানে মেয়েদের লম্বা কামিজের পসরা। ছবিটি রোববার তোলা।
বসুন্ধরা সিটি শপিং মলের পোশাকের দোকানে মেয়েদের লম্বা কামিজের পসরা। ছবিটি রোববার তোলা।
বিক্রেতারা জানালেন, গেলবার ঈদে আসা ফ্লোর টাচ এবার এসেছে কটিসহ। পিটানো কারচুপি কাজের এসব জড়োয়া পোশাকের দাম ৫ থেকে শুরু করে ১৫ হাজারের মধ্যে।
ফ্যাশন হাউজ বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার লিপি খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারের ঈদে উজ্জ্বল ও লম্বা কাটিংয়ের কামিজ বেশি পছন্দ করছেন ক্রেতারা।
“এবারের কালার ট্রেন্ডে ব্রাইট কালার চলছে। ক্রেতারাও খুব পছন্দ করছেন। দোকানে উজ্জ্বল রঙের পোশাক খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এখনকার ট্রেন্ড ফিউশন লং গাউন। আমরা এই ট্রেন্ডের কামিজ এনেছি সম্পূর্ণ দেশীয় কাপড়ে। ট্রাডিশনাল ডিজাইনেও বেশ লম্বা লেন্থের কামিজ চলছে।”
ফ্যাশন হাউজ রঙের ডিজাইনার নাসিমা নেওয়াজ মুন বলেন, এবারের ঈদে দুই, তিন লেয়ারের কাপড়ের ব্যবহার এবং কলিদার ও লম্বা ঘেরের কামিজ বেশি চলছে।
“হাতের কাজ, অ্যামব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, টাইডাই, ভেজিটেবল ডাই, এপ্লিক সব মাধ্যমেই কাজ করা হয়েছে। উজ্জ্বল রঙ ব্যবহার করে লং কামিজ, ঘেরওলা, লং বা শর্ট কটিসহ তিন-চারটি প্যাটার্নের থ্রি পিস এবারের ট্রেন্ড। এছাড়া সিঙ্গেল কামিজ, লং স্কার্ট, ওয়েস্টার্ন টপস, শার্ট ধূতি-কুর্তা ঈদ প্রডাকশনে বেশি করা হয়েছে।”
দেশী হাউজগুলোয় বরাবরের মতই সুতি, তাঁত, এন্ডি, মসলিন, জয়সিল্ক, কাশ্মিরী সিল্ক, মসলিন ফেব্রিকস ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে।
দাম দেখা গেছে, সিঙ্গেল কামিজ ১ হাজার থেকে ৫ হাজার, থ্রি পিস ২২০০ থেকে ২০ হাজার, টপস ১ হাজার থেকে ১২০০ টাকার মধ্যে।
বসুন্ধরা সিটি শপিং মলে দেশী দশে ঈদ পোশাকের ছবিটি রোববার তোলা।
ভারতীয় বাংলা টিভি চ্যানেল স্টার জলসা, জি বাংলা বা হিন্দি চ্যানেল স্টার প্লাসের সিরিয়ালের নাম বা সিরিয়ালের নায়িকাদের নামে এসব পোশাক বাজারে আনা হয়েছে।
বসুন্ধরা সিটি শপিং মলের পোশাক বিক্রেতা ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রোজায় পাখি ড্রেস ছিল হট। এবার জলনুপুর, আকসারা, কিরণমালা, রাইকিশোরী, নন্দিনী, রাশি নামের পোশাকগুলো ক্রেতারা বেশি কিনছেন।”
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাহ দিবা বসুন্ধরা সিটি ঘুরে ১০ হাজার টাকায় কিনেছেন দুটি পোশাক।
“সকালটা সুতির দেশী আর সন্ধ্যার জমকালো সাজের সঙ্গে চাই পার্টি পোশাক। আর সেজন্যেই একটু দাম দিয়ে সাত হাজার টাকায় লং ফ্লোরটাচ গাউন কিনেছি।”
অন্যদিকে মেয়ের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাওয়ার কথা জানালেন গাজীপুর থেকে আসা আমিরুল ইসলাম।
“মেয়ের শখ বসুন্ধরা সিটি থেকে নতুন পোশাক কেনার। কিন্তু বাজেট থেকে আরও ১ হাজার টাকা বেশি দিয়ে মেয়ের আবদার মেটাতে ভারতীয় সিরিয়ালের নামে করা ‘রাশি ড্রেস’ কিনতে হয়েছে।”
