চট্টগ্রামে দুলাভাইয়ের পিটুনিতে শিশুর মৃত্যু
চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ‘শাসন’ করার নামে দুলাভাইয়ের পিটুনিতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত টিকন দে (৭) মা সুমি দে’র সঙ্গে এক দূর সম্পর্কের বোনের বাসায় থাকত। সুমি কালুরঘাট বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
রোববার দুপুরে চান্দগাঁও থানার বিসিক এলাকায় এই ঘটনা ঘটে বলে চান্দগাঁও থানার উপপরিদর্শক ইমাম হোসেন জানিয়েছেন।
ঘটনার পর পুলিশ টিকনের ভগ্নিপতি সুজন দাশকে (২৮) আটক করা হয়েছে বলে জানান তিনি।
এসআই ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বামী পরিত্যক্তা সুমি দে ছেলে টিকনকে নিয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) কোয়ার্টারে দূর সম্পর্কের ভাগ্নির বাসায় থাকতেন।
“শনিবার সকালে টিকন তার মা কর্মস্থলে যাওয়ার সময় পেছন পেছন বের হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে সুজন এলাকায় মাইকিং করেন।
“রাতে সন্ধ্যায় টিকন বাসায় আসলে সুজন তাকে পিটুনি দিলে সে অসুস্থ হয়ে পড়ে।”
তিনি আরও জানান, রোববার সকাল থেকে টিকন কিছু না খাওয়ায় দুপুরে তার মাকে কারখানা থেকে ডেকে আনেন সুজন।
এসময় সুমি টিকনকে গোসল করাতে নিলে তার কাছ থেকে নিয়ে আবার মারধর করেন সুজন। এক পর্যায়ে সুজন টিকনকে দেয়ালের সঙ্গে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়, বলেন পুলিশ কর্মকর্তা ইমাম।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকালে টিকনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
