ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বুধবার রাত থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকালেও একটানা মুষলধারে চলে এ বৃষ্টি। এতে নগরীর ওয়াসার মোড়, জিইসি মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, মোহাম্মদপুর, কাপাসগোলা, প্রবর্তক মোড়, বাকলিয়া ও হালিশহরের কয়েকটি এলাকা এবং আগ্রাবাদ এক্সেস সড়ক সংলগ্ন এলাকায় পানি জমে যায়।
সকাল ১০টার পর বৃষ্টির বেগ কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতে থাকে। টানা বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক হয়ে পড়ে কর্দমাক্ত।
সকালের দিকে নগরীতে যান চলাচলও ছিল অন্য দিনের তুলনায় কম। এর মধ্যে বাসা থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েন অফিসযাত্রীরা।
নগরীর খুলশী এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “জিইসি মোড়ে এসে দেখি সড়কে পানি। রোজার মাসে পানি ডিঙিয়ে অফিসে যেতে হচ্ছে।”
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘন্টায় ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
“চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে সক্রিয় লঘুচাপ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় আছে।
এ কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্র এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
