কারিগরি শিক্ষায় জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই
তরুণ বাংলাদেশিদের কারিগরি শিক্ষা দিতে জাপানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং জাপানের আইএম-এর নির্বাহী চেয়ারম্যান ইয়ানাগিসাওয়া কিওয়ে নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ থেকে তরুণরা জাপানে কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারবে, যার অর্থায়ন করবে জাপান।”
ফিরে এসে এই তরুণরা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তরুণ শিক্ষানবিসরা প্রশিক্ষণ চলাকালীন সময়ে ভাতা হিসেবে প্রতি মাসে ৮০ হাজার ইয়েন পাবেন। তারা সেখানে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে সেখান থেকেও বেতন পাবেন। আর তিন বছরের শিক্ষা শেষে দেশে ফেরার পর তাদের কর্মসংস্থানের জন্য আরও ছয় লাখ ইয়েন দেওয়া হবে। আর এক বছর পর ফিরে আসলে পাবেন দুই লাখ ইয়েন।
প্রাথমিকভাবে এক হাজার জনকে এ সুযোগ দেওয়ার কথা বলা হলেও ‘ক্রমান্বয়ে এ সংখ্যা আরও বাড়বে’ বলে জানান মন্ত্রী।
