২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ে থাকা আরও ২৫ বসতি উচ্ছেদ

চট্টগ্রামের লালখান বাজার টাংকির পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসতি গড়া ২৫টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2015, 04:23 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর টাংকির পাহাড়ে এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

উচ্ছেদ হওয়াদের স্থানীয় শহীদ নগর স্কুলে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে ওই পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা ২৫টি ঘর ভেঙে দেওয়া হয়েছে। ওই সব ঘরের চাল, বেড়াসহ অন্যান্য সরঞ্জামও খুলে নেওয়া হয় যাতে করে তারা পুনরায় বসতি গড়তে না পারেন।

তিনি বলেন, অধিক ঝুঁকি নিয়ে তারা ওই পাহাড়ে বসবাস করছিলেন। বর্ষা মৌসুমে পাহাড় ধসে বিপর্যয় ঠেকাতে চলমান কর্মসূচির আওতায় এ উচ্ছেদ চালানো হয়।

রুহুল আমীন  জানান, উচ্ছেদ হওয়া বসতির লোকজনের জন্য লালখান বাজারের শহীদনগর স্কুলে অস্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

বর্ষা মৌসুমের শুরু থেকেই চট্টগ্রাম জেলা প্রশাসন লালখান বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসতিকারীদের সরিয়ে নিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

গত ছয়দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। ২০০৭ সালের ১১জুন অতিবৃষ্টিতে পাহাড়, দেওয়াল ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল।