২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি আদালত গঠনের দাবি ইনসিডিন বাংলাদেশের

কৃষি উপকরণে ভেজাল প্রতিরোধ ও দেশের খাদ্য ‍নিরাপত্তা বিঘ্নকারীদের বিচারের আওতায় আনতে ‘কৃষি আদালত’ গঠনের দাবি করেছে ইনসিডিন বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 10:42 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্প্রসারিত মিলনায়তনে ‘ভূমিহীনের খাস জমি প্রাপ্যতা ও টেকসই কৃষিতে প্রান্তিক অধিকার’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইনসিডিন বাংলাদেশের পরিচালক এ কে এম মাসুদ আলী।

তিনি বলেন, “কৃষি উপকেরণে ভেজাল ও কৃষি উৎপাদনকে ব্যাহত করে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়াকে গুরুতর অপরাধ বিবেচনা করে যথাযথ আইন প্রণয়ন ও শ্রম আদালতের আদলে ‘কৃষি আদালত’ গঠন করা প্রয়োজন।”

ভূমিহীনদের হাতে আবাসন ও কৃষি কাজের জন্য খাস জমি হস্তান্তর ও কৃষি ক্ষেত্রে প্রান্তিক/ভূমিহীন নারী নীতি অনুসরণ করার জন্যও সরকারের কাছে দাবি জানান ইনসিডিন বাংলাদেশ।

রেল স্টেশন ভিত্তিক কৃষকদের বাজার, কৃষি পণ্যের গুদাম ও হিমাগার সুবিধা দিয়ে কৃষিপণ্য পরিবহনের জন্য কম ভাড়ায় ‘কৃষিরেল’ ব্যবস্থা চালু করারও প্রস্তাব করেন তিনি।

এতে সল্প সময়ে ও কম ব্যয়ে কৃষিপণ্য বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে মত দেন মাসুদ আলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের আইন ও নীতি বিষয়ক পরামর্শক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান, তারিকুল হাসান ও মন্টি দেওয়ান।