মাগুরায় শিশু চুরির অভিযোগে নারী আটক
মাগুরা শালিখা উপজেলায় দুই শিশুকে চুরির অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার কালীবাড়ি বাজার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক রত্না খাতুন ওই এলাকার আকামত মণ্ডলের স্ত্রী।
শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, গজদূর্বা গ্রামের মাজেদুল বিশ্বাসের মেয়ে সুমাইয়া (৪) ও আলতাফ বিশ্বাসের মেয়ে চাঁদনী (৬) প্রতিদিনের মতো আরবি পড়তে গ্রামের জামে মসজিদে যায়। কিছুক্ষণ পর রত্না খাতুন তাদের বাড়ি যেতে বলেছে জানিয়ে মসজিদ থেকে নিয়ে যায়।
“বাড়ি ফিরতে দেরি দেখে সুমাইয়ার মা মসজিদে গিয়ে জানতে পারেন শিশু দুটিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এক নারী নিয়ে গেছে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় কালীবাড়ি বাজার বাস স্ট্যান্ডে সুমাইয়া ও চাঁদনীসহ ওই নারীকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।”
শিশু দুটিকে পাচারের জন্য বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
সুমাইয়ার মা রোখসানা খাতুন বলেন, “ওই নারীর সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই।পাচারের উদ্দেশ্যেই আমার মেয়ে ও প্রতিবেশী চাঁদনীকে তিনি নিয়ে যাচ্ছিলেন। আমরা তার বিরুদ্ধে মামলা করব।”
