২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্ত্রীকে উত্ত্যক্তের দায়ে কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 04:12 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

দণ্ডিত আনোয়ার হোসেন (৩৮) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের পলিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, ১৫ বছর আগে একই উপজেলার কালুপাড়া গ্রামের ফজলে করিমের মেয়ে আরজিনা বেগমকে বিয়ে করেন আনোয়ার।তাদের দুটি সন্তানও আছে। একপর্যায়ে আনোয়ার মাদকাসক্ত হয়ে পড়লে গত বছরের ১০ জানুয়ারি আনোয়ারকে তালাক দিয়ে দু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান আরজিনা।

“কিন্তু মাদকাসক্ত আনোয়ার প্রায় দিনই আরজিনার বাবার বাড়িতে গিয়ে তাকে উত্ত্যক্ত করতেন। সোমবার রাত ১১টায় আনোয়ার মাতাল অবস্থায় আরজিনার বাবার বাড়িতে প্রবেশ করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।”

মঙ্গলবার দুপুরে আনোয়ারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ তাকে কারাদণ্ড দেন।