২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকারের নামে সড়কের নামকরণের সিদ্ধান্তে বিক্ষোভ

স্বাধীনতার পর দালাল আইনে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির নামে কক্সবাজার শহরের একটি সড়কের নামকরণের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 08:54 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

প্রতিরোধ ছাত্র মঞ্চের ব্যানারে সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রাজাকারের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে তা করার দাবি জানানো হয়।

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার খোরশেদ আলম এর বাড়ির সামনের সেতু থেকে সমিতি বাজার পর্যন্ত সড়কটির নাম ‘মোহাম্মদ চেয়ারম্যান সড়ক’ রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। নামকরণের ব্যাপারে পৌর পরিষদের সিদ্ধান্তটি চিঠির মাধ্যমে মোহাম্মদ চেয়ারম্যানের পরিবারকেও জানানো হয়েছে। শুধু বাকি রয়েছে নামফলক লাগানোর কাজ।

মুক্তিযুদ্ধের বিরোধিতা ও ছাত্রনেতা সুভাষ দে ও ফরহাদকে হত্যার অভিযোগ রয়েছে ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক ওসমানী ওরফে মোহাম্মদ চেয়ারম্যানের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সৌরভ দেব, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী।

লিখিত বক্তব্যে তারা বলেন, “চিহ্নিত রাজাকার মোহাম্মদ চেয়ারম্যানের নামে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

“তিনি ষাটের দশকে ছাত্র সংগঠন এনএসএফ এবং কনভেশন মুসলিম লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর হাতে তুলে দেন ছাত্রনেতা সুভাষকে। পরে পাকবাহিনী তাকে গুলি করে ফেলে গেলে মোহাম্মদ চেয়ারম্যান জিপ গাড়ির পেছনে রশিতে বেঁধে টেনে টেনে তার মৃত্যু নিশ্চিত করেন।”

স্বাধীনতার পরে কক্সবাজারে দালাল আইনে দায়ের করা মামলায় তিনি গ্রেপ্তারও হন বলে তারা সংবাদ সম্মেলনে জানানো হয়।

ছাত্রনেতারা অনতিবিলম্বে স্বাধীনতা বিরোধীদের নামের সব সড়ক ও স্থাপনার নাম প্রত্যাহার করে মুক্তিযুদ্ধে শহীদদের নামে করার আহ্বান জানান।

সম্মেলন শেষে তারা বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।