জোহানেসবার্গে অপহরণ: মুক্তিপণ নিতে এসে ঢাকায় নারী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অপহৃত এক বাংলাদেশি যুবকের মুক্তিপণ নিতে এসে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন এক নারী।
বৃহস্পতিবার পুরান ঢাকার একটি ব্যাংক থেকে আলেয়া (২৮) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সাংবাদিকদের জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।
তিনি বলেন, ২ জুন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিখোঁজ হন নাফিস নামে এক যুবক, যিনি নয় বছর ধরে সেখানে বোন ও ভগ্নিপতির সঙ্গে থাকছিলেন।
নাফিসের মা থাকেন মুন্সিগঞ্জের গজারিয়ায়।
অপহরণকারীরা জোহানেসবার্গে বসবাসরত নাফিসের বোন তানিয়ার কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান সিআইডির কর্মকর্তা।
তানিয়া বিষয়টি দেশে তার মাকে ফোনে জানালে তিনি সিআইডিকে খবর দেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার ব্যাংকে টাকা জমা দেওয়ার পরপরই আলেয়া তা তুলতে এলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আলেয়া পুলিশকে বলেন, দক্ষিণ আফ্রিকা থেকে তার স্বামী তাজুল ইসলামের পাঠানো জমি কেনার টাকা তুলতে এসেছেন তিনি।
পুলিশ কর্মকর্তা বাকী বলেন, দক্ষিণ আফ্রিকায় তাজুলের সঙ্গে যোগাযোগ করা হলে এই অপহণের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
তাজুল জানান, মহসিন নামে একজন তাকে ব্যবসার জন্য সাত লাখ টাকা ব্যাংকে টাকা জমা দেওয়ার পর তিনি আলেয়াকে টাকা তুলতে বলেন।
বাকী বলেন, অপহৃত নাফিস বৃহস্পতিবার রাতে তার মার সঙ্গে ফোনে যোগাযোগ করে আলেয়াকে ছাড়ানোর ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।
