ফেনীতে ব্যবসায়ী অপহরণের পর ‘জলদস্যু’ গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে ফেনীর সোনাগাজীতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী থানা পুলিশ বলছে, গ্রেপ্তার জসিম উদ্দিন (৩২) জলদস্যু দলের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূইয়ার বাজার এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে চর চান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার থেকে চাঁদার দাবিতে সিরাজুল হক (৪০) নামের এক মিল মালিককে অপহরণ করে উপকূলীয় জলদস্যুরা।
দুই ঘণ্টা পর পুলিশ মদিনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী সিরাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে রাতে আবারও অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভূইয়ার বাজার এলাকা থেকে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ জসিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।
তিনি বলেন, জসিমের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় হত্যা, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।”
অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা করা হবে বলে জানান ওসি।
