নারায়ণগঞ্জে জালাল হত্যার আসামি ‘ভিপি সোহেল’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জালাল উদ্দিন হত্যা মামলার আসামি শাহরিয়ার পান্না ওরফে ভিপি সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার সোহেল এক সময় রূপগঞ্জের মুরাপাড়া ডিগ্রি কলেজের ভিপি ছিলেন। তিনি রূপগঞ্জের মীরকুটিরছেও গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান জানান।
নারায়ণগঞ্জে র্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান,
এক সময়ের ছাত্রলীগ নেতা সোহেল মূলত জমির দালালি করতেন। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শওকতের দলের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।
রূপগঞ্জের মুরাপাড়ায় সন্ত্রাসী আলমাস ও শওকতের দ্বন্দ্বের কারণে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে। শওকত মারা যাওয়ার পর ওই দলের নেতৃত্বে চলে আসেন সোহেল।
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় সোহেলের দলের মাদক ও অস্ত্র ব্যবসার বিরোধিতা করায় ২০১১ সালের ৫ নভেম্বর ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় নজরুলের বাবা জালাল উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা তুলে নেওয়ার জন্য জালালকে হুমকি দেয়া হয়। এর এক পর্যায়ে তাকে খুন করা হয়।
র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, ভিপি সোহেলের পরিকল্পনায় গত ১৪ মে জালালকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। এরপর তাকে কুপিয়ে হত্যা করা হয়।
ভিপি সোহেলের বাসাতেই ওই হত্যার পরিকল্পনা করা হয় বলে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ জানান।
“হত্যার আগে ওই মাইক্রোবাসটি ভিপি সোহেলের বাসার সামনে অবস্থান করেছিল। হত্যাকাণ্ডে অংশ নেওয়া লেদা ফারুক, সবুজ, সেলিম, মোহাম্মদ আলী, তাওলাদ হোসেন, রশিদসহ অন্যরা বাবু হত্যারও আসামি।”
জালাল খুন হওয়ার পর তার স্ত্রী ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন, যাতে সোহেলকে করা হয় ১ নম্বর আসামি।
ওই হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা সোহেলের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব ঢাকার সায়েদাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে ব্যাটালিয়ন অধিনায়ক জানান।
লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার বলেন, এর আগে সোহেলের সহযোগী ইকবালকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
