নারায়ণগঞ্জে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে হাজীগঞ্জ এলাকার মুক্তিযোদ্ধা সড়ক থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন জানান।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। ঘরের ভেতরে জমে থাকা হাঁটু সমান পানির মধ্যে লাশটি পাওয়া যায়।
“ওই যুবকের পরনে লাল রঙের টি-শার্ট আর লুঙ্গি ছিল। কপালের বাঁ পাশে এবং নাকে জখমের চিহ্ন পাওয়া গেছে। লাশের পাশে একটি বস্তা পাওয়া গেছে।”
পুলিশের ধারণা, ওই যুবক বাড়িতে প্রবেশের পর পা পিছলে মাথা ও নাকে আঘাত পায় এবং পরে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে এএসআই আমির জানান।
