২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে নৌপথে কড়া নজরদারি: নৌমন্ত্রী

ঈদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে লঞ্চগুলোর উপর কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 03:57 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট এলাকায় শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবারের ঈদে লঞ্চের উপর কড়া নজরদারি থাকবে, যাতে অতিরিক্ত যাত্রী তুলতে না পারে।”

অতিরিক্ত যাত্রীর চাপ থাকলে ফেরি পারাপারের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

অতিরিক্ত যাত্রীর কারণে প্রতিবছরই লঞ্চডুবির ঘটনা ঘটছে। গত বছর ৪ অগাস্ট ঈদ ফেরত যাত্রায় মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া ঘাটে আসার পথে পদ্মায় এমভি পিনাক-৬ নামের একটি লঞ্চ ডুবে যায়, যাতে প্রাণহানি ও নিখোঁজের মোট সংখ্যা ছিল শতাধিক।

বেপরোয়া চলাচলসহ অতিরিক্ত যাত্রী বহনকে ওই দুর্ঘটনার কারণ বলে দায়ী করা হয়।

পিনাক-৬ ডুবির প্রসঙ্গ টেনে নৌমন্ত্রী বলেন, “এরপর ১১টি ছোট লঞ্চ বন্ধসহ বর্ষার মৌসুমে বেশ কয়েকটি ছোট লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে।”

বর্ষার সময় সব ছোট লঞ্চের চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

শহর রক্ষা বাঁধের সংস্কার কাজ পরিদর্শনের সময় মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান নৌমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মাদারীপুর প্রেসক্লাবে এক সভায় অংশ নেন।