কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ‘রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টার’ সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
নিহত নাজমুল ইসলাম সাগর (২৯) দৌলতপুর উপজেলার কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন বলছেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কাতলামারিতে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি, গাছকাটার করাত ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
তবে নিহতের স্ত্রীর দাবি, গত সাত দিন ধরে সাগরের কোনো খোঁজ তারা পাচ্ছিলেন না। পুলিশ তাকে ধরে নিয়ে গেছে শুনে তারা থানায় গেলেও কর্তৃপক্ষ জিডি নিতে রাজি হয়নি।
ওসি বলেন, “মহাসড়কে গাছ ফেলে বাসডাকাতির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। ডাকাত দল এ সময় গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সাগরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।”
পরে পুলিশ সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
এই পুলিশ কর্মকর্তা জানান, সাগরের বিরুদ্ধে জাসদ নেতা পাঞ্জের হত্যাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
তবে নিহতের স্ত্রী সোনিয়া খাতুনের (২০) অভিযোগ, বাবা-মায়ের একমাত্র ছেলে সাগরের সম্পত্তি ‘হাতিয়ে নিতে’ কোন মহল ‘পুলিশকে দিয়ে ক্রসফায়ার নাটক’ সাজিয়েছে।
সোনিয়া বলছেন, তাদের সঙ্গে সাগরের সর্বশেষ ফোনে কথা হয়েছিল গত ১২ জুন।
“মিরপুর থানা পুলিশ সাগরকে ধরে নিয়ে গেছে শুনে কয়েকবার খোঁজ করতে গেছি। পুলিশ সাগরের কোনো খোঁজও দেয়নি, একটি সাধারণ ডায়েরিও করেনি; বরং সাগর নিখোঁজের দায় আমার ঘারে চাপিয়ে মামলা দেওয়ার হুমকি দিচ্ছিল।”
