বরিশালে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
বরিশাল সদরে ডাকাত সন্দেহে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর থেকে মামুন মল্লিককে (৪৫) গ্রেপ্তার করা হয়।
মামুন সদর উপজেলার খোন্তাখালী গ্রামের আব্দুল করিম মল্লিকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ডাকাতির উদ্দেশ্যে রাত সাড়ে ৯টার দিকে রাজারচর গ্রামে জড়ো হচ্ছিল কয়েকজন ডাকাত। খবর পেয়ে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করা হয়।
“অভিযানে তার কাছ থেকে একটি এসএমসি (সাব-মেশিন কার্বাইন) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
আটক মামুন স্থানীয় ডাকাত দল ‘খলিল-জলিল বাহিনী’র সদস্য বলে জানিয়েছেন এসআই দেলোয়ার।
