কারওয়ান বাজারে ৫ হাজার কেজি মাছ ধ্বংস
রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে পাঁচ হাজার কেজি গলদা চিংড়ি ও বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ ধ্বংশ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদির মিয়া বৃহস্পতিবার সকালে এ আদালত পরিচালনা করেন।
একই সঙ্গে আট মাছ ব্যবসায়ীকে অর্থদণ্ডও করা হয়েছে বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গলদা চিংড়ি মাছে জেলি, সাগু, পানি, পাউডার, সাদা লোহা মিশিয়ে সাধারণ ক্রেতাদের দীর্ঘদিন ধরে ঠকিয়ে আসছিল মাছ ব্যবসায়ীদের একটি চক্র।
র্যাব দীর্ঘদিন ধরে এ ব্যাপারে তদন্ত করে আসছিল।
এরই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কাদির মিয়া এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মো. নাজিম আহমেদ র্যাব-২ এর একটি বিশেষ দল নিয়ে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের বিভিন্ন মাছের আড়তে ভোর ৬টায় অভিযান চালান।
দলটি সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন আড়ত থেকে প্রায় পাঁচ হাজার কেজি মাছ আটক করে তাৎক্ষণিকভাবে ধ্বংশ করে ফেলে।
একই সঙ্গে মো. শফিকুর রহমান (৩৩), মো. তরিকুল ইসলাম (২৬), মো. মেহেদী হাসান (২৪), মো. আল আমিন (১৫), বৃদাবাবুল (৫২), ফয়েজউদ্দিন (৫০), (৭) আল আমিন (২৩) ও মো. আক্তারুজ্জামানকে (৩৪) আটক করে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করে।
রমজান মাসকে সামনে রেখে অসৎ ব্যবসায়ীরা এসব বেআইনি কাজের প্রস্তুতি নিচ্ছিল বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
